খাঁদের কিনারে পৌঁছেছে ভারত। পা ফসকালেই গর্তে পড়বে গতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নেমেছে ভারত।
এই লড়াই দেখে বেশ মজা পাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। ভারত-শ্রীলঙ্কার ম্যাচ চলাকালীন ফেসবুকে রুবেল হোসেন খেলা দেখার মুহুর্তের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘মোটামুটি বাঁচা-মরার ম্যাচ ইন্ডিয়ার জন্য আজকে। মজাই লাগছে খেলাটা দেখতে।’
টস হেরে আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৭২ রানের দুর্দান্ত একটা ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৭৩ রান তুলেছে ভারত। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিসের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছে।

পাওয়ার প্লে-তে একটিও উইকেট দেয়নি শ্রীলঙ্কা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিসের ব্যাটে পাওয়ার প্লে’র ৬ ওভারে তুলেন ৫৭ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১০ ওভার শেষে ৮৯ রান। জয়ের জন্য প্রয়োজন ৬০ বলে আরও ৮৫ রান। হাতে রয়েছে সবকটি উইকেট। নিশাঙ্কা অপরাজিত রয়েছেন ৩৩ বলে ৫০ রানে, কুশল মেন্ডিস রয়েছেন ৩৮ (২৪) রানে।





