Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

বিচারালয়ে এসে যেন কেউ কষ্ট না পায়: প্রধান বিচারপতি

admin • 26 Jan 2024, 08:40 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিচারালয়ে এসে যেন কেউ কষ্ট না পায়: প্রধান বিচারপতি

বিচারালয়ে এসে বিচারপ্রার্থীরা যেন কোনোভাবে কষ্ট না পায় এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় সেজন্য বিচারক এবং আইন ও বিচারকার্যের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে বান্দরবানে জেলা জজ আদালত প্রাঙ্গণে নতুন নির্মিত বিচারপ্রার্থীদের বিশ্রামাগার 'ন্যায়কুঞ্জ' উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, দেশের কোনো মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়। বিচারপ্রার্থীরা যেন বিচারালয়ে এসে সাময়িক বিশ্রাম, টয়লেট ও বিশুদ্ধ পানির অভাবে শারীরিক ও মানসিকভাবে কষ্ট না পায়। বিশেষ করে নারী, বয়োবৃদ্ধরা যেন বিশ্রামসহ বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারে সে বিষয়ে বিবেচনা নিয়ে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার 'ন্যায়কুঞ্জ' স্থাপন করা হয়েছে। এ বিশ্রামাগার শুধু বান্দরবানে নয়, এটি সারাদেশে প্রতিটি জেলায় স্থাপন করা হয়েছে। তাছাড়া বিচারকেরা দ্রুতবিচার কাজ যেন সম্পন্ন করেন এবং নাগরিকদের যথাযথভাবে সেবা দেন সে ব্যাপারেও তাগিদ দেন তিনি।

 

ওবায়দুল হাসান বলেন, প্রয়োজনের তুলনায় বর্তমানে দেশে বিচারকের সংখ্যা অনেক কম। সে কারণে দেশের বিভিন্ন জেলায় বিচারালয়ে বিচারকার্যের দীর্ঘসূত্রিতা তৈরি হয় বলে অভিযোগ আছে। সে বিবেচনায় দেশের সাধারণ জনগণ তথা সাধারণ বিচারপ্রার্থীদের অধিকার থেকে যেন কেউ বঞ্চিত হতে না হয় সেজন্য বিচারক বৃদ্ধির ব্যাপারেও দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মুশিয়ার রহমান, রেজিস্ট্রার (বিচার) এসকে.এম. তোফায়েল হাসান, বান্দরবান জেলার জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহি ভুঁইয়া, জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুলানের বিচারক জেবুন নেছা আয়েশা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুন পাল, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহিনসহ জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।