বিএনপির গণমিছিলে যোগ দিতে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাঁধা দেয়। এসময় জামায়াত কর্মীরা ইটপাটকেল ছুড়লে পুলিশও লাঠিচার্জ করে। শুক্রবার দুপুরে (৩০ ডিসেম্বর) রাজধানীর মালিবাগ মোড়ে এই ঘটনা ঘটে।
জানা গেছে, জুম্মার নামাজের পর মালিবাগ আবুল হোটেলের সামনে থেকে একটি মিছিল বের করে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। মিছিল নিয়ে মৌচাক পর্যন্ত আসলে সেখানে পুলিশের বাধার মুখে পরে। তবে পুলিশ সেখান থেকে সরে যায়।
এরপর মিছিল নিয়ে মালিবাগ মোরে এসে আবার পুলিশের বাধার মুখে পরে মিছিলটি। সেখানে পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। এরপরই শুরু হয় সংঘর্ষ।
পুলিশ জানিয়েছে, জামায়াত কর্মীরা হঠাৎ করেই পুলিশের ওপর চড়াও হয়। ইটপাটকেলের কারণে পুলিশ সদস্যরা আহত হয়। এরপরই পুলিশ রাস্তা খালি করতে জনগণের চলাচল স্বাভাবিক করতে ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জামায়াত ইসলামীর আজকে কোনো ধরনের মিছিল করার অনুমোদন নাই। তারা মিছিল বের করলে আমরা তাদের মিছিল করতে বাড়ন করি। সেই সময় জামায়াতের নেতাকর্মীরা অতর্কিত ইটপাটকেল ছুড়লে আমরা লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেই। তিনি বলেন, রাস্তায় এখন গাড়ি চলাচল স্বাভাবিক আছে। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।





