কাতার বিশ্বকাপ চলাকালে ঢাকায় মেসিভক্তদের উন্মাদনা দেখেছে ফুটবল বিশ্ব, দেখেছে আর্জেন্টিনাও। গুঞ্জন উঠেছিল, আর্জেন্টিনাকে ঢাকায় আনতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে জুনে ঢাকায় আসবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
বাফুফের সূত্র জানিয়েছে, বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে ঢাকায় আনার ব্যাপারে আর্জেন্টিনার পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন তারা।
সূত্রের মতে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন চলতি বছরের জুনের আন্তর্জাতিক বিরতিতে ঢাকায় দল পাঠাতে পারবে বলে জানিয়েছে। সেজন্য বেশ কিছু শর্ত দিয়েছে তারা। যেগুলো পূরণ করতে পারলে মেসি ও তার দলকে আবারও ঢাকায় আনা সম্ভব।
বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। হাতে এখনও অনেক সময় আছে। যদি আলোচনা ইতিবাচকভাবে চালিয়ে যাওয়া যায় এবং টার্মস এন্ড কন্ডিশন পূরণে কোন অসুবিধা না হয় তাহলে জুনে মেসিদের ঢাকায় দেখা যেতে পারে।
এর আগেই একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়েছে যে, মেসিদের ঢাকায় এনে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে সব মিলিয়ে শতকোটি টাকা খরচ হয়ে যেতে পারে। মেসিদের প্রতিপক্ষ কারা হবে, সম্মানি পাওয়ার সম্ভাবনা কেমন, নিরাপত্তা কেমন হবে, ফুটবল অবকাঠামো অর্থাৎ মাঠ, গ্যালারি সবকিছু ঠিকঠাক থাকবে কিনা এসব বিষয়ে আর্জেন্টিনার ফুটবলার অ্যাসোসিয়েশন আশ্বস্ত হলেই তারা ঢাকায় দল পাঠাবে।





