Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বশেমুরবিপ্রবিতে ফার্মেসি বিভাগের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

admin • 10 Sep 2024, 12:26 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বশেমুরবিপ্রবিতে ফার্মেসি বিভাগের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী খানের পদত্যাগের দাবিতে দ্বিতীয়দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এর আগে ফার্মেসি বিভাগের সামনে রোববার (০৮ সেপ্টেম্বর) বিক্ষোভ দেখান তারা।

 

শিক্ষার্থীরা বলছেন, ২০২৩ সালের ১৮ আগস্ট বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল বিভাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ফার্মেসি বিভাগে আর ভর্তি কার্যক্রম চালানো যাবে না। বিভাগের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সুযোগ-সুবিধা না থাকায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

 

তাদের অভিযোগ, ল্যাব এবং অন্যান্য সুযোগ-সুবিধা আন্দোলনের মাধ্যমে আদায় হলেও চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী খান কোনো উদ্যোগ নেননি। নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্যও তিনি কোনো কার্যকরী পদক্ষেপ নেননি। ফলে দেশের শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিভি গ্রহণে অপারগতা প্রকাশ করেছে।

 

পাশাপাশি ফার্মেসি বিভাগের একজন ম্যাডামের রুমে সিসি ক্যামেরা বসানো হয়েছে, যেখানে অন্য শিক্ষকদের রুমে এই ধরনের কোনো নজরদারি নেই। এছাড়া বিভাগে রয়েছে শিক্ষক সংকট। ২০১৭ সাল থেকে মাত্র দুইজন পার্টটাইম শিক্ষক দিয়ে পুরো বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তবে গত মাসে বিনা নোটিশে তাদের ক্লাস ও পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, চূড়ান্ত পরীক্ষায় মার্ক টেম্পারিংয়ের অভিযোগ থাকলেও চেয়ারম্যান ড. আলী খান কোনো পদক্ষেপ নেননি। প্রতিটি সেমিস্টারে ১৩০০ টাকা উন্নয়ন ফি নেয়া হলেও এর কোনো কার্যকরী উন্নয়ন দেখা যায়নি এবং ফার্মেসি অ্যাসোসিয়েশন কার্যত বিলুপ্ত হয়ে পড়েছে। এ ছাড়া চার মাসে সেমিস্টার শেষ করার প্রতিশ্রুতি থাকলেও দায়িত্ব গ্রহণের ২১ মাস পরে মাত্র তিন সেমিস্টার শেষ হয়েছে।

এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা দাবি করেছেন, ৪ মাসে সেমিস্টার শেষ করতে হবে, পার্টটাইম শিক্ষকদের দায়িত্বে ফিরিয়ে আনতে হবে, সঠিক রুটিন অনুসরণ করে পরীক্ষা নিতে হবে এবং বিভাগে যোগ্য চেয়ারম্যান নিযুক্ত করতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।