Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ফুটবল খেলাকে কেন্দ্র করে ইবিতে মারামারি,আহত ৬

admin • 09 Dec 2024, 07:16 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফুটবল খেলাকে কেন্দ্র করে ইবিতে মারামারি,আহত ৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় বিভাগের ৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে ক্যাম্পাসের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে বিভাগ দুটির মধ্যে ফুটবল ম্যাচ শুরু হয়। খেলা চলাকালে স্লেজিং করাকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে নির্দিষ্ট সময়ের ম্যাচে উভয় পক্ষ ১-১ গোলে ড্র করায় খেলা ট্রাইবেকারে গড়ায়।

তবে ট্রাইবেকারের সময় স্লেজিংকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় বিভাগের শিক্ষকেরা পরিস্থিতি শান্ত করেন এবং খেলা শেষে দুই পক্ষই নিজ নিজ বিভাগে ফিরে যায়। পরবর্তীতে ক্যাম্পাসের ঝাল চত্বরের কফিশপ এলাকায় আবারও উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ইইই বিভাগের শিক্ষার্থীরা এসে ঝাল চত্বরে অবস্থান নেয়।

এদিকে ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভাগ থেকে বের হয়ে ফলিত বিজ্ঞান ভবনের সামনে অবস্থান নেয়। পরে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সামনে দুই পক্ষ মারামারিতে জড়ায়। এ সময় উভয় পক্ষের হাতে লাঠিসোঁটা দেখা যায়। পরে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরমধ্যেই মারামারিতে ইইই বিভাগের উমর ফারুক, নাজমুস সাকিব, মাহফুজ এবং ফলিত রসায়ন বিভাগের ইমন, আশিক, রাকিব আহত হন বলে জানা গেছে।

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, খেলার সময় মাঠে হাতাহাতির সময় ইইই বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভাগের সভাপতিকে ধাক্কা দেয়। বিষয়টি নিয়ে ঝাল চত্বরে ইইই বিভাগের শিক্ষার্থীদের স্যারের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানালে তারা উল্টো খারাপ আচরণ করে। পরে তারা বিভাগের অন্যদের খবর দিলে সবাই লাঠিসোঁটা নিয়ে এসে কয়েকজন শিক্ষার্থীকে আঘাত করে জখম করে। এ ঘটনায় প্রক্টরিয়াল বডির কাছে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।

 

অন্যদিকে ইইই বিভাগের শিক্ষার্থীদের দাবি, ফলিত রসায়ন বিভাগের জুনিয়র এক শিক্ষার্থী মাঠে ইইই বিভাগের সিনিয়রদের সামনে বাজে ভাবে স্লেজিং করতে থাকলে সিনিয়ররা এর প্রতিবাদ করে। এ নিয়ে মাঠে দুই পক্ষই হাতাহাতিতে জড়ায়। পরবর্তীতে ক্যাম্পাসের ঝাল চত্বরে বসে থাকা অবস্থায় ইইই বিভাগের কয়েকজন জুনিয়রকে ফলিত রসায়ন বিভাগের কয়েকজন এসে বিভিন্ন হুমকি দেয়। ওই সময় ইইই বিভাগের অন্যরা বিভাগ থেকে এসে হুমকি কেন দেয়া হয়েছে এসব নিয়ে জিজ্ঞেস করলে একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। তবে ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থীদের আনা অভিযোগ অস্বীকার করেন ইইই বিভাগের শিক্ষার্থীরা।

 

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ আল রেজা জানান, খেলার মাঠের ঘটনা সেখানেই শেষ হয়। তবে পরে ইইই বিভাগের শিক্ষার্থীরা লাঠি নিয়ে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করে। যেহেতু সবাই আমাদেরই শিক্ষার্থী তাই আমাদের চাওয়া বিষয়টির সুষ্ঠু সমাধান হোক। সেই সঙ্গে এমন ঘটনা আর যেন না ঘটে সেটাই আমাদের চাওয়া।

 

সার্বিক বিষয়ে ইইই বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শাহীনুজ্জামান বলেন, প্রক্টরিয়াল বডি উভয় পক্ষকে নিয়ে আলাদাভাবে বসেছিল। প্রাথমিকভাবে বিষয়টির সমাধান করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) আবারও দুই পক্ষকে নিয়ে প্রক্টরিয়াল বডি বসবে বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।