Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

প্রথম নারী কোষাধ্যক্ষ পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

admin • 27 Oct 2024, 07:11 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রথম নারী কোষাধ্যক্ষ পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও হল প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শরমীন। আগামী চার বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোষাধ্যক্ষ পদে প্রথম নারী হিসেবে নিয়োগ পেলেন তিনি।

 

রোববার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ের শাখার উপসচিব মো. শাহিনুর ইসলাম-এর সই করা প্রজ্ঞাপনে তাকে পাঁচ শর্তে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১২ (১) ধারা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শরমীন-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়।

 

শর্ত হিসেবে উল্লেখ করা হয় কোষাধ্যক্ষ হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। প্রজ্ঞাপন অনুসারে কোষাধ্যক্ষ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

 

উল্লেখ্য, ড. সাবিনা শরমীন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৯ সেপ্টেম্বর হল প্রভোস্ট হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব পান তিনি।

 

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে গত ২২ সেপ্টেম্বর কোষাধ্যক্ষ পদ থেকে ড. হুমায়ুন কবিরের পদত্যাগের পর এতদিন শূন্য ছিল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এই পদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।