Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

পূর্ণিমা সেজে ফোন করে প্রতারণা, সতর্ক করলেন নায়িকা

admin • 28 Dec 2023, 06:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পূর্ণিমা সেজে ফোন করে প্রতারণা, সতর্ক করলেন নায়িকা

সোশ্যাল মিডিয়ায় তারকারা সক্রিয় থাকায় মাঝে মাঝেই বিড়ম্বনায় পড়ার খবর শোনা যায়। অনেক সময় দেখা যায় ভুয়া অ্যাকাউন্ট, পেজ কিংবা তারকাদের ছবি নিয়ে নাম-পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে করা হয় প্রতারণা। আর এই প্রতারণার ফাঁদ সৃষ্টি করে একদল কুচক্রী মহল।

 

এবার এ ধরনের এক পরিস্থিতির শিকার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অভিনেত্রীর ছবি সম্বলিত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল-মিসডকল আসছে অনেকের। আর কল ব্যাক করলেই প্রতারণার ফাঁদে পড়ছেন কেউ কেউ।

 

এ ব্যাপারে অবশ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করেছেন নায়িকা পূর্ণিমা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন নায়িকা। সেখানে তিনি লেখেন, ‘বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন, বিভ্রান্ত না হয়ে এই সব নম্বর থেকে ফোন করলে ব্লক করে দিবেন।’

 

তিনি আরও লেখেন, ‘আমার একটাই মোবাইল নম্বর আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না, মিসড কল তো দেই-ই না। কোনো একটা চক্র বিভিন্ন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসড কল দিচ্ছে। সেই কাজ আমি করছি না, সবার কাছে অনুরোধ করে বলছি―এই রকম কোনো নম্বর থেকে কল বা ম্যাসেজ আসলে ইগনোর করবেন।’

 

এদিকে পূর্ণিমার এই পোস্টে মন্তব্যের ঘরে অনেকেই সতর্ক থাকার কথা উল্লেখ করেছেন। পাশাপাশি কেউ কেউ তাদের প্রিয় তারকাকে এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শও দিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।