Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ধর্ষণচেষ্টার পর জাবিতে প্রথমবার নারী নিরাপত্তারক্ষী নিয়োগের সিদ্ধান্ত

Sohag Shah • 15 May 2026, 07:13 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ধর্ষণচেষ্টার পর জাবিতে প্রথমবার নারী নিরাপত্তারক্ষী নিয়োগের সিদ্ধান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো নারী নিরাপত্তারক্ষী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহীউদ্দীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারে অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হবে। এ ক্ষেত্রে শারীরিকভাবে সক্ষম ও নিরাপত্তা কাজে অভিজ্ঞ নারী ও পুরুষ উভয় প্রার্থীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, অভ্যন্তরীণ বিজ্ঞপ্তির মাধ্যমে এক মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠার পর থেকে জাবির নিরাপত্তা ব্যবস্থায় কেবল পুরুষ নিরাপত্তাকর্মীরাই দায়িত্ব পালন করে আসছিলেন। এবারই প্রথম নারী নিরাপত্তারক্ষী নিয়োগের উদ্যোগ নেওয়া হলো।

প্রশাসনের দাবি, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বস্তি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে হল এলাকা, প্রবেশপথ ও রাতে টহল কার্যক্রমে নারী নিরাপত্তাকর্মী থাকলে শিক্ষার্থীরা আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ গেইট, প্রান্তিক গেইট ও গেরুয়া গেইটে দিনে দুই শিফটে কমপক্ষে ৩ জন এবং রাতের শিফটে ২ জন করে নিরাপত্তা সদস্য মোতায়েন করা হবে। একই সঙ্গে আরও ১০০ জন আনসার সদস্য নিয়োগের অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এদিকে নারী নিরাপত্তারক্ষী নিয়োগের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাদের মতে, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও এবার প্রশাসন তুলনামূলক বাস্তবধর্মী পদক্ষেপ নিয়েছে।

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।