Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

দুর্নীতির মাধ্যমে অনেক সম্পদ লুট করা হয়েছে : অর্থ উপদেষ্টা

admin • 05 Oct 2024, 11:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দুর্নীতির মাধ্যমে অনেক সম্পদ লুট করা হয়েছে : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, স্বচ্ছতা না থাকলে অনেকেই পার পেয়ে যায়। একটা ম্যাসেজ দেওয়ার চেষ্টা করবো, আর্থিক খাতে অপরাধ করে কেউ পার পাবে না। শনিবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর একটি হোটেলে ১১তম আইসিএসবি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

অর্থ উপদেষ্টা বলেন, বিগত সময়ে অনেক অপরাধ হয়েছে। আমরা কিছুদিনের জন্য এসেছি। সব কাজ করতে পারবো না। তবে আমরা নিশ্চিত করবো যাতে সবাই শাস্তি পায়। আমরা একটা ম্যাসেজ দিতে চেষ্টা করছি, অন্যায় করে কেউ কিন্তু পার পাবেন না। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির আওতায় আসবেন।

 

বাংলাদেশের পুরো সুশাসন নিয়েই আমরা চিন্তিত জানিয়ে এই উপদেষ্টা বলেন, সরকারি কোনো অর্থই যেন অপচয় না হয়। অনেক অর্থের অপচয় হয়েছে, জবাবদিহিতা ছিল না। গত সময়ে অনেকেই অনেক কিছু করেছে। সবাইকে হিসাব দিতে হবে। পার্থিব ও পরকালে দুই জায়গায় হিসাব দিতে হবে।

 

ড. সালেহউদ্দিন বলেন, আমাদের যে জনশক্তি আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি দ্রুত সময়ে ঘুরে দাঁড়াবে। এরই মধ্যে অনেক সম্পদ নষ্ট করা হয়েছে। দুর্নীতির মাধ্যমে অনেক সম্পদ লুট করা হয়েছে। ব্যক্তিগত হোক আর দেশের সম্পদ হোক, অপচয় বা দুর্নীতি করা যাবে না। যেসব দুর্নীতি হয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে। এতদিন কোনো জবাবদিহি ছিল না। অনেক অনিয়ম হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব সেলিম উদ্দিন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করপোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান এবং আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।