নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সড়কে একটি তেলবাহী ট্যাঙ্কার উল্টে বিস্ফোরণের ঘটনায় ১৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) এ তথ্য দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
নাইজেরিয়ার পুলিশ জানায়, বুধবার জিগাওয়া প্রদেশের মাজিয়া শহরের এক্সপ্রেসওয়েতে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার উল্টে যায়। এসময় আশপাশের অনেকে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করতে আসেন। হঠাৎ করে ট্যাঙ্কারটি বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে জ্বালানিবাহী ট্যাঙ্কারটি এক্সপ্রেসওয়েতে উল্টে গেছে। এদিকে, অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্যাংকারটিতে আগুন জ্বলছে। ঘটনাস্থলে মরদেহ ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে। এমনকি বুধবার সকালেও সেখানে আগুন জ্বলছিল।
এরইমধ্যে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট কাশিম শেট্টিমা।
নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে প্রায়ই প্রাণঘাতী ট্রাক দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা এসব দুর্ঘটনার পেছনে চালকদের বেপরোয়া গাড়ি চালনা, রাস্তার বেহাল দশা ও অতিরিক্ত যানবাহনকে দায়ী করেন।





