জ্বালানি বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ডলার বাদ দেয়ার পরিকল্পনা নিয়েছে রাশিয়া ও চীন। এর অংশ হিসেবে বর্তমানে তেল গ্যাস, কয়লা লেনদেনে ৬৪ শতাংশ নিজস্ব মুদ্রায় সম্পন্ন করছে দুই দেশ।
রুশ উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এসব তথ্য জানিয়েছেন। পার্স টুডের এক প্রতিবেদনে তা জানা গেছে।রাশিয়া ২৪ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে নোভাক জানান, ধীরে ধীরে এ লেনদেনকে পুরোপুরি রুবল ও ইউয়ানে পরিণত করা হবে।
তিনি বলেন, রাশিয়ার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত অংশীদার চীন। বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রে।
নোভাক বলেন, চলতি বছর রাশিয়ার তেল, গ্যাস, কয়লা ও বিদ্যুৎ সরবরাহে নিজস্ব মুদ্রার ব্যবহার ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রুশ উপ-প্রধানমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে রাশিয়া ও চীন। দুই দেশের জ্বালানি লেনদেন পুরোপুরি মার্কিন ডলার ও ইউরো বাদ দিয়ে নিজস্ব মুদ্রা হবে।
নোভাকের তথ্য অনুযায়ী, চীন থেকে বিভিন্ন ধরনের যন্ত্র ও সরঞ্জামাদি কিনতেও নিজস্ব মুদ্রা ব্যবহার করছে রাশিয়া।
তিনি জানান, অদূর ভবিষ্যতে রাশিয়া থেকে চীনে গ্যাস রপ্তানির একটি চুক্তি সই হবে।





