ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয় ১৮ ডিসেম্বর ২০২৩ এবং শেষ হয় ০৫ জানুয়ারি ২০২৪। এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ আবেদন জমা পড়েছে বিজ্ঞান ইউনিটে। আসনপ্রতি লড়বেন ৬৬ জন। আর ব্যবসায় শিক্ষা ইউনিটে সবচেয়ে কম আবেদন জমা পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, ৪ টি ইউনিটে মোট ০৫ হাজার ৯৬৫ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬ টি। গত বছরের তুলনায় আবেদন কমেছে প্রায় ২০ হাজার। সে হিসেবে আসনপ্রতি ভর্তি হতে চান অন্তত ৪৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ০৬ জানুয়ারি ২০২৪ পর্যন্ত নির্ধারিত ফি জমা দেওয়ার সুযোগ ছিল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৮৫১টি। আবেদন জমা পড়েছে ১ লাখ ২২ হাজার ৮২ টি। আসনপ্রতি ৬৬ টি আবেদন জমা পড়েছে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ টি আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থী ১ লাখ ১২ হাজার ২২৬ জন। আসনপ্রতি আবেদন জমা পড়েছে ৩৮টি।
এছাড়াও ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৪০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৭ হাজার ৬৫০ জন শিক্ষার্থী। আসনপ্রতি লড়বেন ৩৬ জন শিক্ষার্থী। অন্যদিকে, চারুকলা ইউনিটে আসন রয়েছে ১৩০টি। আবেদন জমা পড়েছে ৭ হাজার ৩৮টি। আসনপ্রতি ৫৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (৯ জানুয়ার) বলেন, "বেশ কিছু আবেদনকারীর ভর্তি ফি জমা দেওয়া নিয়ে জটিলতা রয়েছে এখনো। সেগুলো সমাধান হলে আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বাড়বে বলে আমি মনে করি।"





