বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস হলেন এই জাতির একজন সূর্যসন্তান। তাকে হেনস্তা করা বন্ধ করুন।
মঙ্গলবার (২৯ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল বলেন, শত বছর পরেও এই জাতির মানুষ ড. ইউনূসকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে যে, এ রকম বরেণ্য একজন মানুষের সাথে এই দেশের সরকার কী রকম নীচ আচরণ করেছিলো।
ফখরুল বলেন, তার বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
তিনি এই দেশের একজন কীর্তিমান ব্যক্তি। তাকে যারা ছোটো করতে চান, অপমান করতে চান তারা আরেকবার জন্ম নিলেও তার সমান উচ্চতায় যেতে পারবেন না। এই অনিবার্য সত্যটা মেনে নিয়ে ওনাকে হেনস্তা করা বন্ধ করুন। এইসব মামলাবাজি বন্ধ করুন।
এদিকে জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসকে বিচারিক হয়রানির অভিযোগের বিষয়টি তারা খতিয়ে দেখবে।
সোমবার (২৮ আগস্ট) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং ড. মুহম্মদ ইউনূসকে বিচারিক হয়রানির অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন।





