Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিতে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপের অভিযোগে ৪ সংগঠনের প্রতিবাদ

Sohag Shah • 20 May 2026, 10:40 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জাবিতে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপের অভিযোগে ৪ সংগঠনের প্রতিবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বাধা প্রদান, হুমকি, গালিগালাজ ও ভীতিপ্রদর্শনের অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাবি শাখারর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

মঙ্গলবার (১৯ মে) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনগুলো এ ঘটনার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। একইসঙ্গে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বানও জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাবি শাখা তাদের বিজ্ঞপ্তিতে বলে, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের পরিবেশ বাধাগ্রস্ত হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তারা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হেনস্তার মতো ঘটনার নিন্দা জানায়।

জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখা তাদের বিবৃতিতে অভিযোগ করে, সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ এবং মাইকিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। সংগঠনটি দাবি করে, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের টার্গেট করা এবং ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তারা ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানায়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবি শাখা তাদের প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে বলে, সাংবাদিকতা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের অধিকারের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি, ভীতিপ্রদর্শন বা ট্যাগিং সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করে সংগঠনটি।

অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) তাদের বিবৃতিতে জানায়, বিশ্ববিদ্যালয়ের নানা সংকট, অনিয়ম, দুর্নীতি ও সাধারণ শিক্ষার্থীদের অধিকারের বিষয়গুলো ক্যাম্পাস সাংবাদিকরাই নিয়মিতভাবে তুলে ধরেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা শুধু সাংবাদিকদের নয়, সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠও রুদ্ধ করার শামিল বলে মন্তব্য করে সংগঠনটি।

জাকসু আরও অভিযোগ করে, আন্দোলন চলাকালে কিছু ব্যক্তি সাংবাদিকদের উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ, মাইকিংয়ের মাধ্যমে উসকানিমূলক বক্তব্য এবং নির্দিষ্ট সাংবাদিকদের খুঁজে বের করার হুমকি দিয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হস্তক্ষেপ। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিও জানায় তারা।

চার সংগঠনই ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক, সহনশীল ও মুক্ত মতপ্রকাশের পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে।

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।