জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নিরাপত্তা শাখার প্রধান জেফরুল হাসান চৌধুরী (সজল) কে আহত করার অভিযোগ উঠেছে জাবির অর্থনীতি বিভাগের ৫২ তম আবর্তনের শিক্ষার্থী মুহতাসিম ফুয়াদ এর উপর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন অভিযুক্ত ফুয়াদ।
রোববার (২৯ জুন) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে ভিক্টিম জাবির নিরাপত্তা শাখার প্রধান জেফরুল হাসান চৌধুরী (সজল) এর সাথে যোগাযোগ করতে গেলে তার ফোন অন্য এক নিরাপত্তা কর্মী রিসিভ করেন এবং তিনি জানান, সজল ভাই এনামে ভর্তি হয়ে আছেন। তার মাথার সিটিস্ক্যান করা হয়েছে তবে রিপোর্ট এখনো আসেনি। এখন তাকে স্যালাইন দেওয়া হয়েছে, তিনি এ বিষয়ে পরে কথা বলবেন।
অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের ৫২ তম আবর্তনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফুয়াদ বলেন, আমাদের নিরাপত্তা শাখার প্রধান সজল ভাইয়ের সাথে যা ঘটেছে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আমি এ ঘটনাটির জন্য বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
তিনি জানান, সকালে আমার বান্ধবীকে হেনস্তার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐ ছেলেটিকে আমরা প্রক্টর অফিসে নিয়ে আসি। এরপর লিখিত অভিযোগ সাপেক্ষে প্রক্টর স্যার উভয়ের পরিবারকে ডাকেন এবং আলোচনা করে মিটমাট করেন।
আলোচনা শেষে কেনো তিনি হঠাৎ ঐ ছেলেকে মারতে উদ্ধত হলেন জানতে চাইলে তিনি বলেন, আপনারা জানেন ইতোপূর্বে ঐ ছেলের নামে ইভটিজিং এর একটি অভিযোগ পত্র দিয়েছি আমরা। আমার বান্ধবীকে দীর্ঘদিন ধরে হেনস্তা করে আসছিল ঐ ছেলেটি।
উভয়পক্ষের সমঝোতা শেষে প্রক্টর অফিস থেকে বের হলে ঐ ছেলে আমাদের দেখে অশ্লীল দৃষ্টিতে তাকায়, ঠাট্টা-বিদ্রুপ করে৷ এমন্তাবস্থায় আমি তাকে মারার জন্য এগিয়ে গেলে আমাদের নিরাপত্তা শাখার প্রধান সজল ভাই সামনে আসেন এবং তিনি আঘাতপ্রাপ্ত হন।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশেদুল আলম বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে ইতোমধ্যে অবগত রয়েছি। আমাদের নিরাপত্তা শাখা প্রধানের সাথে যে ঘটনাটি ঘটেছে আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা লিখিত অভিযোগ পাওয়ার পর আমাদের প্রক্টরিয়াল বডির একটি মিটিং শেষে অভিযুক্ত ঐ শিক্ষার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
জেফরুল হাসান চৌধুরী (সজল) লিখিত অভিযোগ দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, সজল এখনো অসুস্থ রয়েছে। আমরা একটি এপ্লিকেশন পাঠিয়ে তার কাছ থেকে অভিযোগ নিয়ে অত:পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
সোহাগ/মিরর





