Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জবির শিক্ষার্থী বাসে হামলা, আহত ৭

admin • 29 Dec 2024, 06:58 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জবির শিক্ষার্থী বাসে হামলা, আহত ৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীবাহী বাস উল্কা-৪ এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস চালক জগদীশসহ আরো অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) সকালে মহাখালীর বাস টার্মিনাল এলাকায় একতা পরিবহনের ড্রাইভার ও হেল্পাররা এ হামলা চালায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, আমাদের বাস মহাখালী ইউটার্ন এলাকায় আসলে আমাদের বাসের সামনে একতা বাস অবস্থান করছিলো। অনেকক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে পুরো রাস্তা ব্লক করে রেখেছিলো। হর্ন দিলেও বাস সাইড দিচ্ছিলো না। যার ফলে সামনে এগোতে পারছিলো না বিশ্ববিদ্যালয়ের বাসও। এ ঘটনায় জবির উল্কা-৪ বাস চালকের সঙ্গে কথা-কাটাকাটি হয় একতা বাসের চালকের সঙ্গে। এক পর্যায়ে মহাখালী বাস টার্মিনালের প্রায় পঞ্চাশজন বাসচালক ও হেল্পার মিলে ইট-পাটকেল ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালায় জবির বাস ও বাসে থাকা শিক্ষার্থীদের ওপর।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মিজানুর রহমান সোহাগ বলেন, একতা বাস এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার বিষয়ে আমাদের বাস চালক মামা যখন একতা বাসের ড্রাইভারকে বলে তখন সে লাঠি দিয়ে আমাদের বাসচালক মামার উপর হামলা চালায়। তারপর তাকে ধরে নিয়ে যেতে চাইলে আমরা বাধা দিই। তখন আমাদের উপরও হামলা চালায়। বাসে মেয়েরা ছিলো। তাদের উপরও ইট-পাথর ছুড়ে মারে।

জবির উল্কা-৪ বাস চালক জগদীশ বলেন, মহাখালী বাস টার্মিনালে আমাদের গাড়ির সামনে একতার বাস ছিলো। একতা বাসের সামনে কোনো গাড়ি ছিলো না। তাদের বারবার সাইড দেয়ার কথা বলেনও তারা সাইড না দিয়ে বরং গাড়ি থেকে হেল্পার ও ড্রাইভার লাঠি নিয়ে আমাদের ওপর হামলা করে। সেখানে একতা বাসের আরো অনেক কর্মচারী ছিলেন তারাও আমাদের ওপর হামলা করে। হামলা করে আমার হাত ভেঙ্গে দিয়েছে এবং সারা শরীরে জখম করে করেছে। চোখে আঘাত করেছে। আমি তাদের বিচার চাই।

এ বিষয়ে জবির পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. ওমর ফারুক বলেন, আমাদের ড্রাইভার জগদীশ মারাত্মক আহত। তার চোখটা ঠিক থাকবে কি-না নিশ্চিত না। আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছে। শুধু জবির বাস না, কোনো বিশ্ববিদ্যালয়ের বাসেই যেনো এমন হামলা কাম্য নয়।

তিনি আরো বলেন, ঘটনার পর ড্রাইভার, হেল্পার পলাতক। একতা বাসের মালিকপক্ষ এসেছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। তারাও বিষয়টির সমাধান চায়। জবির কোনো বাসে যেনো এমন হামলা আর না হয় তা নিশ্চিত করতে আমরা তাদের সঙ্গে কথা বলছি। একটা সমাধান আসবে।

  আরাফাত/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।