জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সেন্ট্রাল লাইব্রেরিতে দুটি নতুন বুকশেলফ প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।শিক্ষার্থীদের ব্যাগ, বই ও অন্যান্য জিনিসপত্র রাখতে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী তারা বুকশেলফ দুইটি প্রদান করেন। রবিবার (২৭ এপ্রিল) বিকালে শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের উপস্থিতিতে বুকশেলফ দুইটি হস্তান্তর করা হয়।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করতে ও পাঠাভ্যাস বৃদ্ধিতে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চান। শিক্ষার্থীদের প্রয়োজনে ভবিষ্যতেও আমরা প্রয়োজনীয় শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করবো।
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে ছাত্রদল সব সময় ছিল। আমাদের শিক্ষার্থীবান্ধব কর্মসূচি সমূহের এটা একটা অংশ। শিক্ষার্থীদের ব্যাগ ও মালামাল রাখার কোন ব্যবস্থা না থাকায় আমাদের কাছে দাবি জানালে, আমরা বুকশেলফ দেয়ার ব্যবস্থা করি। আমাদের এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
বুকশেল্ফ হস্তান্তরের সময় জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এছাড়া এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠাগারের জন্য বুকশেলফ দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তারা দুটি বুকশেলফ হস্তান্তর করেন। এছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী তাঁরা পত্রিকা সরবরাহ অব্যাহত রেখেছেন।





