জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ (এবিটি)-এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। তার নাম জাহিদ হাসান।
শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের টংগীবাড়ী থানার বেতকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহিদের কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড ও উগ্রবাদী পুস্তিকা জব্দ করেছে এটিইউ।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিইউ জানায়, জিজ্ঞাসাবাদে জানা গেছে- জাহিদ ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর একজন সক্রিয় সদস্য এবং এ সংক্রান্ত বেশকিছু দালিলিক প্রমাণও উদ্ধার হয়। সে বেতকা ইউনিয়ন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে।
জাহিদ তার সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফরমে ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর মতবাদ প্রচারের জন্য উগ্রবাদী বই ও প্রচারপত্র তৈরি করত। সে তার সহযোগী অন্যান্য আইডির সঙ্গে এনক্রিপ্টেড গ্রুপে উগ্রবাদী পোস্ট, প্রশিক্ষণের ভিডিও এবং জিহাদের ময়দানে শরিক হওয়ার জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশবিরোধী পরিকল্পনা করে আসছিল।
জাহিদ তার ফেসবুক আইডির মাধ্যমে বাংলাদেশ সরকারবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস ও ভীতি সঞ্চার এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ গ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ (এবিটি)-এর কার্যক্রম পরিচালনার মাধ্যমে সে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করছিল। তার ব্যবহৃত মোবাইল ফোনে বাংলাদেশ সরকারবিরোধী ষড়যন্ত্র সংক্রান্ত বিভিন্ন লিংক পাওয়া গেছে এবং এর মধ্যে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত আলোচনা রয়েছে।





