নারায়ণগঞ্জের আড়াইহাজারের একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে রায়হান নামের একজনের মৃত্যু হয়েছে। তবে তার সহযোগীরা পালিয়ে যাওয়ায় বেঁচে গেছে। সোমবার ভোরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া তাঁতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, একই গ্রামের জালালের ছেলে রায়হান আরও কয়েকজনকে নিয়ে প্রবাসী ফারুকের বাড়িতে চুরি করতে যায়। ওই বাড়ির ছাদের দরজা দিয়ে ভেতরে ঢুকে ঘরে থাকা আলমারী ভেঙে মালামাল জড়ো করতে থাকে। এ সময় টের পেয়ে গৃহকর্ত্রী ঘর থেকে বের হয়ে প্রধান গেটে তালা লাগিয়ে চিৎকার দেন। এরপর লোকজন জড়ো হয়।
এ সময় বাইরে থাকা চোরেরা পালিয়ে যায়। স্থানীয়রা গিয়ে রায়হানকে আটক করে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।’





