Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

চিকিৎসকদের দামি উপহার বন্ধ হলেই ওষুধের দাম কমবে: স্বাস্থ্য সচিব

admin • 04 Jan 2023, 07:34 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চিকিৎসকদের দামি উপহার বন্ধ হলেই ওষুধের দাম কমবে: স্বাস্থ্য সচিব

ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের দামি উপহার (টিভি, ফ্রিজ, গাড়ি, ফ্ল্যাট) দেয়া বাদ দিলে ওষুধের দাম কমানো সম্ভব বলে মন্তব্য করেন স্বাস্থ্য সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার।

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের আয়োজনে বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টসের (বিএনএইচএ) ষষ্ঠ রাউন্ডের চূড়ান্ত ফলাফল অবহিতকরণ কর্মশালায় এ কথা জানান তিনি।

সচিব বলেন, ওষুধের দাম বাড়ার পেছনে বড় একটি কারণ এর মার্কেটিং প্রক্রিয়া। চিকিৎসকদের বিভিন্ন উপহার দেওয়া, প্রচারের জন্য মোড়ক চাকচিক্য করাসহ নানা কারণে দাম বেড়ে যায় ওষুধের। তাই মার্কেটিংয়ের ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার।

তিনি বলেন, প্রতিটি ওষুধ কোম্পানি তাদের পক্ষ থেকে চিকিৎসকদের অনেক দামি দামি গিফট দেয়। টিভি, ফ্রিজ, গাড়ি, ফ্ল্যাটসহ নানান দামি গিফট বন্ধ করা গেলে ওষুধের দাম এমনিতেই কমে যাবে। এই প্রক্রিয়াটি বেশ বিতর্কিত। আমরা এটা খতিয়ে দেখবো।

একই সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, দেশে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর চাপে রয়েছেন। ওষুধের দাম বাড়াতে চাপ দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা।

মোহাম্মদ ইউসুফ বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ডলার সংকট দেখা দিয়েছে। ফলে কাঁচামাল আমদানিতে সমস্যা হচ্ছে। তাই ওষুধের দাম বাড়ানো নিয়ে চাপ রয়েছে। এ জন্য চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, দেশের ৯৮ শতাংশ ওষুধ আমরা তৈরি করি। দুই শতাংশ ওষুধ আমদানি করা হয়। তাই সমস্যা হওয়ার কথা নয়। চাপ সামাল দিতে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে কথা হচ্ছে। একই সঙ্গে সংকট মোকাবিলায় বিভিন্ন কোম্পানি থেকে চিকিৎসকদের নেওয়া বিভিন্ন উপহার কমিয়ে দিতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।