Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

গাজীপুরে খাবারে বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু

admin • 29 Jan 2023, 08:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গাজীপুরে খাবারে বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু

গাজীপুরে খাবারে বিষক্রিয়ার ফলে দুই সহোদরা শিশুর মৃত্যু হয়েছে এবং গুরুতর অসুস্থ আরেক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) সকালে নগরের সালনার ইপসা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, নিহত শিশু আশা মনি (৬) ও আলিফা আক্তার (দেড় বছর) শেরপুরের বাসিন্দা আশরাফুল ইসলামের মেয়ে। তাদের পরিবার ওই এলাকায় এরশাদের বাড়িতে ভাড়ায় বসবাস করেন। বিষক্রিয়ায় অসুস্থ শিশু সিয়াম (৬ মাস) ওই ভাড়া বাড়ির অপর ভাড়াটিয়া হিরা মিয়ার ছেলে।

 

নিহত শিশুদের বাবা আশরাফুল ইসলাম জানান, সকালে বাসার পাশের সাইফুলের দোকান থেকে তিনি প্যাটিস এবং কেক কিনে দিয়েছিলেন তার দুই শিশুকে। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার বড় মেয়ে আশা অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পরে আলিফাও অসুস্থ হয়। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষক্রিয়ায় প্রতিবেশী শিশু সিয়াম গুরুতর অসুস্থ হলে তাকেও একই হাসপাতালে নেয়া হয় বলেও জানান তিনি।

 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বিষক্রিয়ায় শিশু দুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এহতেশাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ও সিআইডির টিমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত কাজ করছেন। এ ব্যাপারে নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।