Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

গাজা নিয়ে যে সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

admin • 20 Dec 2023, 03:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গাজা নিয়ে যে সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টানা আড়াই মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ইসরাইলি এই আগ্রাসনের জেরে ভূখণ্ডটি ব্যাপক মানবিক সংকটের মুখে পড়েছে।

 

এমন অবস্থায় গাজা নিয়ে হুশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, অবনতিশীল পরিস্থিতির মধ্যে মহামারির ব্যাপক ঝুঁকির মুখে রয়েছে গাজা। খবর আনাদোলু।

 

মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইসরাইলের চলমান হামলার মধ্যে গাজায় মহামারির ব্যাপক ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে।

 

ডব্লিউএইচওর মুখপাত্র মার্গারেট হ্যারিস আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘(গাজায়) মহামারির বিশাল ঝুঁকি রয়েছে। এবং আমরা ইতোমধ্যে এর প্রমাণ দেখতে পাচ্ছি।

 

গাজায় চলমান লড়াই বন্ধ হতে হবে বলেও এ সময় মন্তব্য করেন ডব্লিউএইচওর এই মুখপাত্র। মার্গারেট হ্যারিস তাগিদ দিয়ে বলেন, আমাদের যুদ্ধবিরতি দরকার।

 

তিনি বলেন, গাজার পরিস্থিতি অবশ্যই খারাপ হচ্ছে— সেখানে এমন কিছুর সংমিশ্রণ রয়েছে, যা মানুষের স্বাস্থ্যের ক্ষতি করবে। আবহাওয়া ঠাণ্ডা ও আর্দ্র এবং ৯০ শতাংশ মানুষ এই ধরনের আবহাওয়ায় ঝুঁকিপূর্ণ। এমনকি তারা এটাও জানে না কোথা থেকে তারা পর্যাপ্ত খাবার পাবে।

 

মার্গারেট হ্যারিস আরও বলেন, অবশ্যই (গাজার) মানুষ ঘুমাতে পারছে না। এবং এটি মানুষের ইমিউন সিস্টেমের (রোগ প্রতিরোধ ক্ষমতার) ক্ষতি করে। মানুষ আতঙ্কিত। তারা জানে না কী হতে চলেছে।

 

তিনি জোর দিয়ে বলেন, গাজায় কোনো নিরাপদ স্থান নেই এবং লোকেরা আহত হলে হাসপাতালেও যেতে পারেন না।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই মুখপাত্রের মতে, প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি গাজার উত্তরাঞ্চলে একটি অ্যাম্বুলেন্সও পাঠাতে সক্ষম হয়নি। তার ভাষায়, এটি কোনোভাবেই সম্ভব নয়। সেখানে আহত মানুষ চিকিৎসা পাচ্ছেন না।

 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর পর থেকে টানা প্রায় আড়াই মাস ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরাইল।

 

ইসরাইলি এই আগ্রাসনের নিহত হয়েছেন ১৯ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি। নিহত এসব ফিলিস্তিনির ৭০ শতাংশই নারী ও শিশু। এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৫২ হাজারের বেশি মানুষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।