Thursday, 3 September 2026
শিরোনাম
আইন-আদালত জাতীয়

খুলে ফেলা হলো ডেপুটি অ্যাটর্নি এমরানের নেমপ্লেট

admin • 05 Sep 2023, 03:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খুলে ফেলা হলো ডেপুটি অ্যাটর্নি এমরানের নেমপ্লেট

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিপক্ষে বিবৃতি দিতে অস্বীকৃতির কথা গণমাধ্যমে জানানোয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার নাম সম্বলিত নেমপ্লেট খুলে ফেলা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এমরান আহম্মদের নেমপ্লেট খুলে ফেলেন আরেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ফজলুল হক।

নেমপ্লেট খুলে ফেলার কারণ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুল হক বলেন, এমরান আহম্মদ ভূঁইয়া রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাই, একজন মুক্তিযোদ্ধা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে তার নেমপ্লেট আমি খুলে ফেলেছি। তার নেমপ্লেট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে থাকতে পারে না বলেই আমি মনে করি।

এদিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পঞ্চম তলায় গিয়ে দেখা যায়, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার নাম সম্বলিত নেমপ্লেটটি আর আগের জায়গায় নেই। তবে তার ডান-বাম পাশে অন্যদের নেমপ্লেট ঠিক রয়েছে। এছাড়া অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৫১১ নম্বর কক্ষে থাকা এমরান আহম্মদ ভূঁইয়ার মামলা সংক্রান্ত নথিপত্র সরিয়ে নিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা।

এর আগে গতকাল সোমবার সরকারের আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া গণমাধ্যমে বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বিচারিক হয়রানির শিকার হচ্ছেন।

তিনি বলেন, ড. ইউনূসের পক্ষে ১৬০ জন বিদেশি ব্যক্তি বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতাদের মধ্যে বারাক ওবামা, হিলারি ক্লিনটনও রয়েছেন। ওই বিবৃতির বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে পাল্টা বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাকে বিবৃতিতে স্বাক্ষর করতে বলা হয়েছে। কিন্তু আমি ইউনূসের বিপক্ষে বিবৃতিতে স্বাক্ষর করব না।

তবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন, ড. ইউনূসের বিপক্ষে বিবৃতিতে স্বাক্ষর করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, ড. ইউনূসের বিপক্ষে বিবৃতিতে স্বাক্ষর করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে, সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা ইউনূসের বিপক্ষে বিবৃতি দিচ্ছেন। সেই বিবৃতিতে তারা স্বাক্ষর দিচ্ছেন।

তার একটি কপি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।