Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

কান্নায় ঘুমাতে না পেরে যমজ সন্তানকে হত্যা করলেন মা

admin • 12 Mar 2025, 09:47 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কান্নায় ঘুমাতে না পেরে যমজ সন্তানকে হত্যা করলেন মা

ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। সদ্যোজাত দুই যমজ সন্তানের কান্নায় বিরক্ত হয়ে তাদের শ্বাসরোধ করে হত্যা করছেন এক মা।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০ বছর বয়সী ওই নারী প্রথমে দাবি করেছিল যে তিনি দুধ কিনতে বাইরে গিয়েছিলেন এবং ফিরে এসে দেখেন দুই সন্তান অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর দ্রুত তাদের রানীপুরের এক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পর স্বামী মহেশ সাকলানিকে বিষয়টি জানান তিনি। মহেশ হরিদ্বারের একটি বেসরকারি সংস্থায় কর্মরত।

 

৬ মার্চ মহেশ জোয়ালাপুর থানায় অভিযোগ দায়ের করেন যে তার সন্তানদের হত্যা করা হয়েছে। এর পরই পুলিশ তদন্ত শুরু করে।

 

আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়, কিন্তু কোনো অপরিচিত ব্যক্তির ঘরে প্রবেশ বা বের হওয়ার প্রমাণ মেলেনি। সন্দেহ আরো গভীর হলে মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়, আর তখনই তিনি স্বীকার করেন যে সন্তানদের কান্নায় বিরক্ত হয়েই তাদের হত্যা করেছেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, দিনের পর দিন সন্তানদের কান্নায় ঘুম হচ্ছিল না তার। একাই দুই সন্তানের যত্ন নেওয়ার কারণে প্রবল ক্লান্ত হয়ে পড়েছিলেন।

প্রথমে লেপ দিয়ে মুখ ঢেকে কান্না থামানোর চেষ্টা করেন, কিন্তু তাতে শিশুরা আরো জোরে কাঁদতে শুরু করে। পরে ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাদের হত্যা করেন তিনি। সন্দেহের হাত থেকে বাঁচতে সকালে দুধ কেনার অজুহাতে বাইরে বেরিয়ে আসেন এবং পরিকল্পিতভাবে সন্তানদের অজ্ঞান হয়ে যাওয়ার গল্প তৈরি করেন।

পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।