Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ওসমান হাদীকে হত্যাচেষ্টা—প্রতিবাদে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Sohag Shah • 12 Dec 2025, 09:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ওসমান হাদীকে হত্যাচেষ্টা—প্রতিবাদে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হওয়া মিছিলটি প্রশাসনিক ভবন, ট্রান্সপোর্ট, চৌরঙ্গী হয়ে উপাচার্য বাসভবন পর্যন্ত অগ্রসর হয়। পরে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

মিছিলে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হওয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাজল মিয়া। তার উপস্থিতি শিক্ষার্থীদের আন্দোলনে নতুন উদ্দীপনা যোগায়।

এ সময় মিছিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা—“হাদী ভাইকে গুলি করে, ইন্টেরিম কি করে?”, “ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ,” “হাদী ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে,” “বিচার বিচার বিচার চাই,” “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”—সহ বিভিন্ন স্লোগান দেয়।

মিছিলে উপস্থিত জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, “আজ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি এবং প্রশাসনের গড়িমসির ফলেই এমন ঘটনা ঘটেছে। আমরা হাদী ভাইয়ের প্রতি গভীর উদ্বেগ জানাই এবং দ্রুততম সময়ে হামলাকারীকে গ্রেপ্তার ও বিচার দাবি করছি।”

তিনি আরও ঘোষণা দেন, “উপাচার্যের উপস্থিতিতেই জানিয়ে দিচ্ছি—জাবিতে জুলাই হামলায় জড়িত শিক্ষক-কর্মকর্তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আগামীকাল প্রশাসনিক ভবনে তালা ঝোলানো হবে।”

জাকসু'র সমাজসেবা বিষয়ক সম্পাদক আহসান লাবিব বলেন, “প্রশাসন দাবি করলেও বাস্তবে জুলাই হামলায় জড়িত শিক্ষক-কর্মকর্তাদের বিচার হয়নি। এটি সম্পূর্ণ ব্যর্থতা। আজ হাদী ভাইয়ের ওপর হামলা হয়েছে, আগামীকাল আমাদের কারও ওপরই হতে পারে। বিচারহীনতা ও প্রশাসনিক উদাসীনতার কারণেই সন্ত্রাসীরা এমন হামলার সাহস পাচ্ছে।”

তিনি আরও বলেন, “যে প্রশাসন রক্তের বিচার করতে পারে না, সেই প্রশাসনের সঙ্গে আমাদের কোনো সমঝোতা নেই।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “শিক্ষার্থীদের বিচার যেমন সম্পন্ন করা হয়েছে, শিক্ষকদেরও বিচার নিশ্চিত করা হবে। ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা আমাদেরকে আবারও মনে করিয়ে দিয়েছে—এই পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলায় জড়িত শিক্ষার্থী-শিক্ষকদের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা ও দায়িত্বহীনতার অভিযোগে শিক্ষার্থীদের কঠোর সমালোচনার মুখে পড়েন তিনি।

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।