Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

এবারের হজে ১৩’শ হাজির মৃত্যু

admin • 24 Jun 2024, 08:43 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এবারের হজে ১৩’শ হাজির মৃত্যু

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে হাজিদের প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ১৩’শ। রোববার (২৩ জুন) এ তথ্য জানায় সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এবার পুরো হজ মৌসুম জুড়েই দাবদাহ ছিলো মক্কায়। প্রায় দিনই তাপমাত্রা ছিলো ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। এজন্য বেশিরভাগ হাজির মৃত্যু হয়েছে হিটস্ট্রোকসহ গরমজনিত অসুস্থতায়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে মৃত হাজিদের ৮৩ শতাংশই অবৈধভাবে হজ পালন করতে এসেছিলেন। ফলে অন্যান্য বৈধ হাজিদের মত প্রখর রোদ থেকে বাঁচতে কুলিং সিস্টেম, ঠান্ডা পানি ও ছায়াযুক্ত স্থানে থাকার মত সেবা গ্রহণ করতে পারেননি তারা। তীব্র তাপদাহে কোনরকম আশ্রয় ছাড়াই তাদের হাঁটতে হয়েছে দীর্ঘপথ। এতে পথের মাঝেই প্রাণ হারান বহু হাজি।

দেশটির সরকারি প্রেস এজেন্সি (এসপিএ) তাদের অফিশিয়াল বার্তায় বলে, দুঃখজনকভাবে, মৃতের সংখ্যা ১৩০১ এ পৌঁছেছে, যার ৮৩ শতাংশই হজ করার জন্য অনুমোদিত ছিলেন না। অবশ্য দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহদ আল-জালাজেল এ বছরের হজ ব্যবস্থাপনাকে ‘সফল’ বলে বর্ণনা করেছেন।

নিহতদের মধ্যে কেবলমাত্র মিশরীয় নাগরিকই রয়েছেন ৬৬০ জন। তাদের মধ্যে শুধুমাত্র ৩১ জন ছিলেন বৈধ হজযাত্রী। এ ঘটনায় মিশরের সরকার দেশটির ১৬টি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করেছে যারা অবৈধ হজযাত্রীদের সৌদি ভ্রমণে সহায়তা করেছে। এছাড়া নিহতদের মধ্যে ১৬৫ ইন্দোনেশিয়ান, ৯৮ ভারতীয়, ৩১ বাংলাদেশি, ২ মার্কিন নাগরিকসহ জর্ডান, তুরস্ক, মালয়েশিয়া, আলজেরিয়া, তিউনিসিয়ার নাগরিকও রয়েছে।

উল্লেখ্য, ২২টি দেশের ১৮ লাখ ধর্মপ্রাণ মুসলিম এ বছর হজে অংশ নিয়েছিলেন, যা সংখ্যায় গত বছরের সমান। এদের মধ্যে ১৬ লাখই বিদেশি। সাম্প্রতিক বছরগুলোতে মক্কায় গরমের তীব্রতা ক্রমান্বয়েই বাড়ছে। এ বছর সেখানে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে দেখা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।