ইরাকের উত্তরাঞ্চলে বালাদ বিমানঘাঁটির কাছে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানিয়েছে। তবে ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে। খবর আল আরাবিয়া
ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্সে গতকাল শুক্রবার এক বিবৃতিতে দাবি করেছে, যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ মডেলের একটি ড্রোন তারা ভূপাতিত করেছে। এটি নজরদারি ও আক্রমণের কাজে ব্যবহৃত হয়।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, বালাদ ঘাঁটির কাছে ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পর ইরাকি নিরাপত্তা বাহিনী তা উদ্ধার করে। ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার তদন্ত চলছে।
পেন্টাগন জানিয়েছে, মার্কিন ও মিত্র বাহিনী গত ৪ মাসে ইরাক ও সিরিয়ায় ১৪০টি হামলার শিকার হয়েছে। এ হামলাগুলোর জন্য দায়ী ইসলামিক রেজিস্ট্যান্স। এ জবাবে ইরাক ও সিরিয়ায় পাল্টা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
এর মধ্যে গত ৪ জানুয়ারি বাগদাদে মার্কিন হামলায় একজন ইরানপন্থী কমান্ডার নিহত হন। ওয়াশিংটনের অভিযোগ, ইরানপন্থী ওই কমান্ডার মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়ে আসছিলেন। ঘটনাটি ইরাকে সরকারকে বেশ ক্ষুব্ধ করেছিল। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি মার্কিন নেতৃত্বাধীন জোটকে দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানান।
বর্তমানে ইরাকে ২ হাজার ৫০০ ও সিরিয়ায় ৯০০ মার্কিন সেনা অবস্থান করছে।





