দীর্ঘ দেড় বছর পর সোমবার (৯ ডিসেম্বর) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এদিন দুপুর ১২টার দিকে উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন। এসময় তিনি ক্যাফেটেরিয়ায় খাবার খান এবং নিজে ক্যাশ-কাউন্টারে গিয়ে বিল পরিশোধ করেন।
পরিদর্শনকালে উপাচার্য ক্যাফেটরিয়া সংশ্লিষ্টদের ক্যাফেটেরিয়ারে বসে কেউ যেন ধূমপান না করে সে বিষয়ে সজাগ থাকতে বলেন। পাশাপাশি উপাচার্য ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন ও ক্যাফেটেরিয়ার সংশ্লিষ্ট সকলকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করার নির্দেশ দেন।
উপাচার্য ক্যাফেটেরিয়া সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, খাবার সবসময় ঢেকে রাখবেন। ক্যাফেটেরিয়ারে বসে কেউ যেন ধূমপান না করে। আমরা এই ক্যাম্পাসকে ধূমপানমুক্ত করবো।
ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং ছাত্রনেতারা এ সময় উপস্থিত ছিলেন। আগামী ৫ জানুয়ারি থেকে ক্যাফেটেরিয়া পুরোদমে চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।





