আফগানিস্তানের নারীদের সবধরনের পার্কে যাওয়া নিষিদ্ধ করেছে তালেবান সরকার। সেইসঙ্গে জিমনেসিয়াম ও পাবলিক টয়লেট ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। দেশটির নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা জারি করেছে। পার্স টুডের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
ওই মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের প্রেস টিভিকে জানিয়েছেন, আফগানিস্তানে ইসলামী আইন অনুসরণ করা হচ্ছিল না বলে এ উদ্যোগ নেয়া হয়েছে।
একসময় কোলাহলমুখর থাকত আফগান রাজধানী কাবুলের বিখ্যাত সিটি পার্ক। সেখানে একসঙ্গে হাসি-আনন্দ ভাগাভাগি করত পরিবারের লোকজন। তবে নারীদের পার্কে যাওয়া নিষিদ্ধ করার পর পার্কটি একরকম নিরব নিস্তব্ধ বিরাণ ভূমিতে পরিণত হয়েছে। সেখানে এখন কিছু পুরুষ লোকজন দেখা যায়।
তালেবানদের এ নিষেধাজ্ঞা বহু মানুষের জীবিকার ওপরও আঘাত হেনেছে। পার্কে আসা লোকজনের কাছে নানা পণ্য ও খাবার বিক্রি করে রোজগার করতেন অনেকে।
কিন্তু এখন লোকজন কমায় স্বল্প আয়ের মানুষের আয়ের পথ অনেকটা বন্ধ হয়ে গেছে।
এরই মধ্যে তালেবান সরকারকে এ নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের নারী অধিকার কর্মীরা। তারা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত জাতীয় পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করবে।
ইতোমধ্যে আফগান নারীদের পুরুষ আত্মীয়-স্বজন ছাড়া সবধরনের ভ্রমণ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। পাশাপাশি প্রায় এক বছর ধরে মেয়েদের জন্য মাধ্যমিক স্কুল বন্ধ রয়েছে।
গত বছরের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল, দেশটির নারীরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত নিয়ন্ত্রণের আওতায় আসবে। সেটা সত্যও হয়েছে। ফলে এখন ন্যায়বিচার ও সরকারের কাছে অধিকার রক্ষার আহ্বান জানাচ্ছেন তারা।





