Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

৩ সন্তানকে নিয়ে নদীতে মায়ের ঝাঁপ, জীবিত উদ্ধার ২

admin • 05 Nov 2023, 04:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৩ সন্তানকে নিয়ে নদীতে মায়ের ঝাঁপ, জীবিত উদ্ধার ২

শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে ৩ সন্তানকে নিয়ে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দিয়ে মা ও এক সন্তান নিখোঁজ আছেন। তবে, এ ঘটনায় দুই শিশুসন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকার কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ সালমা বেগম একই এলাকার আজবাহার মাদবরের স্ত্রী। জীবিত উদ্ধার হওয়া ওই দুই শিশু হলো- আনিকা ইসলাম (২) ও সোলাইমান (১০ মাস)। নিখোঁজ আছেন মাসহ বড় ছেলে জাফর (১১)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১৬ সালে ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক এলাকার লোকমান ছৈয়ালের মেয়ে সালমা বেগমের সঙ্গে বিয়ে হয় জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকার শাজাহান মাদবরের ছেলে আজবাহার মাদবরের। বিয়ের পর থেকেই সালমা বেগমের শাশুড়ি মিলি বেগম ও ননদ কলির সঙ্গে বনিবনা হচ্ছিল না। এই নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

   

গতকাল শনিবার রাতে এসব বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হলে সকালে তিন সন্তান সাহাবীর, আনিকা ও জাফরকে নিয়ে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দেন সালমা। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে নদী থেকে আনিকা ও জাফরকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। এদিকে খবর পেয়ে নিখোঁজ সালমা বেগম ও তাঁর ছেলে সাহাবীরকে উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সালমা আক্তারের বাবা লোকমান ছৈয়াল কান্নাকন্ঠে বলেন, "আমার মেয়েকে আর নাতিকে ওরা মেরে ফেলেছে। ওদের জন্যই আমার মেয়ে নদীতে ঝাঁপ দেয়। আমি এর বিচার চাই।"

 

তবে এ অভিযোগ অস্বীকার করে সালমা আক্তারের স্বামী আজবাহার মাদবর বলেন, 'সকালে আমার সন্তানদের টিকা দিবে বলে বাড়ি থেকে বের হয় সালমা। আমার স্ত্রীর সাথে কারো ঝামেলা ছিল না। কী কারণে ও আমার বাচ্চাদের নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে তাও জানি না।'

 

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব সংবাদ মাধ্যমকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি সালমা নামের এক গৃহবধূ পারিবারিক কলহের কারণে তিন শিশুসন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন। দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও মা ও আরেক সন্তান নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

 

নড়িয়া উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার লিডার রওশন বলেন, 'আমরা ১১টা ২০ মিনিটে সংবাদ পাই। পরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। আমাদের সহযোগিতা করছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ওই নারী ও তাঁর ছেলে উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।'

   

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শঙ্কর চন্দ্র বৈদ্য বলেন, 'সালমা আক্তার নামে এক নারী তাঁর তিন শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেয়। স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করলেও এখনও নিখোঁজ সালমা ও তাঁর বড় ছেলে। তাদের উদ্ধারের জন্য একটি শক্তিশালী ডুবুরি দল কাজ করছেন।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।