জেলার খবর
হাতকড়া নিয়ে লাফ, ফের গ্রেপ্তার জঙ্গলে
admin
• 21 Aug 2022, 08:26 AM
• পঠিত 0 বার
৯৯৯-এ কল দিয়ে সাইকেল চুরির অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। হাতকড়া পরিয়ে তাকে তোলা হয় গাড়িতে।
তবে কিছুক্ষণ পর ওই কিশোর লাফ দেন পাশের পুকুরে। সাঁতরে চলে যান সামনের জঙ্গলে। তবে কিছুদূর যেতেই শেষ হয় এ চোর-পুলিশ খেলা।
ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ১৬ বছর বয়সী মো. সবুজকে রাত সাড়ে ১২টার দিকে জঙ্গল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি ওই একই এলাকায়। সবুজ মাদক সেবনের পাশাপাশি বিভিন্ন সময় অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করত বলে অভিযোগ স্থানীয়দের।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম মিরর অফ বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাত ৮টার দিকে ওই এলাকা থেকে ৯৯৯ নম্বরে কল দিয়ে বলা হয় সাইকেল চুরির সময় একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
এ সময় সবুজ নামের ওই ছেলেকে আটক করে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়।
‘স্থানীয় ইউপি মেম্বারের কাছ থেকে সবুজের ঠিকানা ও মা-বাবার নাম-পরিচয় লেখার সময় গাড়ির পাশে থাকা পুকুরে হঠাৎ লাফ দেয় সে। পরে সাঁতার কেটে জঙ্গলের ভেতরে চলে যায়।’
এসআই নজরুল বলেন, ‘হাতকড়াসহ হবিরবাড়ীর জঙ্গলে পালানোর পর থেকে আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। রাত সাড়ে ১২টার দিকে তাকে দেখতে পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সবুজকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাতেই মামলা হয়েছে। বিকেলে ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম আদালতে তাকে পাঠানো হবে।’
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





