Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হরতালে কুমারখালীতে কোন প্রভাব নেই, ৫ জামায়াত কর্মী আটক

admin • 29 Oct 2023, 04:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হরতালে কুমারখালীতে কোন প্রভাব নেই, ৫ জামায়াত কর্মী আটক

বিএনপির ডাকা সকাল-সন্ধা হরতালের কোনো প্রভাব পড়েনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়। দূরপাল্লার বাস ব্যতিত সকল প্রকার যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। প্রতিদিনের মতোই খোলা হয়েছে সকল প্রকার দোকানপাট।

 

কোথাও বিএনপির কোনো কর্মসূচি বা নেতাকর্মীদের দেখা যায়নি। গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন ঘুরে এদৃশ্য দেখা যায়।

 

এদিকে বিএনপির হরতালকে পণ্ড করতে এবং প্রতিবাদে রোববার সকাল সাড়ে ১০ টায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন, যুবলীগের সভাপতি হারুন অর রশিদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেনের নেতৃত্বে মিছিলটি কুমারখালী পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শুরু হয়ে হলবাজার, গণমোড়, থানামোড়, স্টেশনবাজার, বাসস্টান্ড সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

 

অপরদিকে ঢাকার সমাবেশ শেষে ফেরার পথে পাঁচজন জামায়াত কর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। সকাল সাড়ে ১১ টায় পান্টি বাজার এলাকা থেকে তাঁদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- মো. হাফিজ, মো. মিঠুন মন্ডল, মো. আনিসুর রহমান, মো. জিকু মন্ডল ও রেজাউল করিম। তাঁরা সক্রিয় জামায়াত কর্মী হিসেবে ঢাকায় সমাবেশে গিয়েছিল বলে জানা গেছে।

 

কুমারখালী বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বলেন, হরতালের কোনো প্রভাব নেই। প্রতিদিনের মতোই দোকানপাট খোলা হয়েছে। বেচাকেনাও স্বাভাবিক।

 

বাস মালিক সমিতির সদস্য রিপন আলী বলেন, দূরপাল্লার বাস ছাড়া সকল যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ ঢাকার যাত্রী কম। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, হরতালের কোনো প্রভাব নেই। তবে ঢাকাগামী যাত্রীদের কিছুটা ভোগান্তি হচ্ছে।

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন জানান, বিএনপির ডাকা অবৈধ হরতালের প্রতিবাদে তাঁরা বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছেন। কুমারখালীতে হরতালের কোনো প্রভাব নেই।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, হরতালের কোনো প্রভাব নেই। নাশকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযান চালানো হচ্ছে। অভিযানে পাঁচ জামায়াত কর্মীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।