Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিক্ষক রবিউলের

admin • 17 Nov 2024, 08:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিক্ষক রবিউলের

কুষ্টিয়ার দৌলতপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর এলাকায় ঝুমুরের ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম (৪৫) একই ইউনিয়নের নারানপুর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে এবং ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্কুলশিক্ষক রবিউল ইসলাম মোটরসাইকেলযোগে ঝাউদিয়ায় নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। মিরপুর-দৌলতপুর সড়কের সংগ্রামপুর ঝুমুরের ইটভাটার নিকট পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম নিহত হন। এ সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে রাখে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর থানার এসআই খসরু জানান, দৌলতপুর-মিরপুর সড়কের সংগ্রামপুর এলাকার ঝুমুরের ইটভাটার সামনে দ্রুতগামী ট্রাকের চাপায় রবিউল ইসলাম নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর বলেন, স্কুলশিক্ষকের মরদেহ ময়নাতদন্ত হবে কিনা এখনও সিদ্ধান্ত হয়নি। নিহতের পরিবার, দৌলতপুর ইউএনও ও জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করে ছাড়পত্র নিয়ে আসলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।