নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বালুবাহী নৌকা ডুবে শামীম মিয়া (২০) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নদী থেকে সাঁতরে তীরে ওঠেন সাতজন শ্রমিক।
রোববার সকালে সোমেশ্বরী নদীর কামারখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিখোঁজ শামীম মিয়া উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও নৌকায় থাকা অন্য শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমেশ্বরী নদীর জিরো পয়েন্ট থেকে বালু লোড করে ফেরার পথে অপর একটি বালুবাহী নৌকার ধাক্কায় নৌকাটি তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা ৮ জন শ্রমিকের মধ্যে নদী সাঁতরে ৭ জন শ্রমিক প্রাণে বেঁচে কিনারায় ফিরে আসলেও শামীম নামের অপর একজন শ্রমিক নদীতে নিখোঁজ হন।
দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, দুই বালুবাহী নৌকার সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি। আমাদের ডুবুরি দল আসছে। তারা আসলেই উদ্ধার অভিযান চালানো হবে।





