ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, সরকারি খরচে গেল সাত বছরে এক হাজার ৯১৮ জনকে হজে পাঠানো হয়েছে। রোববার (২২ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্ন-উত্তর টেবিলে উপস্থাপিত হয়।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, সরকার ২০১৪ সাল থেকে নির্দিষ্ট সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানকে ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যে সরকারি অর্থে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পাঠানোর কার্যক্রম শুরু করে। এর মধ্যে ২০২০ ও ২০২১ সালে করোনার কারণে হজে পাঠানো হয়নি।
তিনি জানান, গেল সাত বছরে এক হাজার ৯১৮ জনকে হজে পাঠানো হয়েছে সরকারি খরচে। এর মধ্যে ২০১৪ সালে ১২৫, ২০১৫ সালে ২৬৮ জন, ২০১৬ জনকে ২৮৩, ২০১৭ সালে ৩৩৪, ২০১৮ সালে ৩৪০জন, ২০১৯ সালে ৩১৪ ও ২০২২ সালে ২৫৪ জন।





