Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শ্বশুর-শাশুড়ি ও দেবরের পিটুনিতে গৃহবধূর মৃত্যু, শাশুড়ি গ্রেপ্তার

admin • 18 Nov 2023, 08:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শ্বশুর-শাশুড়ি ও দেবরের পিটুনিতে গৃহবধূর মৃত্যু, শাশুড়ি গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজীবপুরে শ্বশুর, শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজীবপুর সদর ইউনিয়নের বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত গৃহবধূর নাম তাসলিমা বেগম। তার স্বামী মুকুল হোসেন ঢাকায় থাকেন। এ ঘটনায় গৃহবধূর শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

অভিযুক্তরা হলেন-নিহতের শ্বশুর রহিজল হক (৪৮), শাশুড়ি সালেহা বেগম (৪০) ও দেবর সানোয়ার হোসেন (২০)।

 

স্থানীয়রা জানায়, নিহত তাসলিমা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মৌলভীরচর এলাকার মৃত সালাম মিয়ার মেয়ে। প্রায় ১০ বছর আগে রহিজল হকের ছেলে মুকুল হোসেনের বিয়ে হয়। তাদের সন্তান না হওয়ায় প্রায়ই নির্যাতন করতো সৎ শাশুড়িসহ শ্বশুর ও দেবর। স্বামী মুকুল হোসেন ঢাকায় কাজ করতে গেলে নির্যাতনের মাত্রা আরও বাড়ে।

 

প্রতিবেশী প্রত্যক্ষদর্শী মরিয়ম আক্তার (৫৫) জানান, ঘটনার সময় উপস্থিত ছিলেন তিনি। টয়লেটের দরজার সামনে দাঁড়িয়ে ছিল গৃহবধূ তাসলিমা। টয়লেটে যাওয়ার জন্য তাকে সরে দাঁড়াতে বলে দেবর সানোয়ার। যেতে দেরি হওয়ায় সৎ শাশুড়ি সালেহা বেগম এসে লাথি, কিল-ঘুষি মারেন। এ সময় শ্বশুর রহিজলও মারধর করেন। দেবর সানোয়ারও এসে এলোপাতাড়ি মারধর করে।

 

মরিয়ম আক্তার বলেন, আমি বউটাকে বাঁচাতে গেলে আমাকেও মারতে আসেন তারা। আমি চিৎকার করলে আশপাশের লোকজন আসলে সানোয়ার চলে যায়। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার জানান তিনি মারা গেছেন।

 

নিহত গৃহবধূর দেবরের স্ত্রী মোমেনা খাতুন (২৩) জানান, ১০ বছর হলো বিয়ে হয়েছে। সন্তান না হওয়ায় প্রায়ই নির্যাতন করতো। আমাকেও অনেক নির্যাতন করে। একটু দোষ পেলেই মারে। এটা তাদের অভ্যাস।

 

রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিউল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শরীরের অনেক স্থানে জখম ছিল।

 

এ প্রসঙ্গে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় শাশুড়ি সালেহা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি আমরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।