ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সাহিদুল ইসলাম (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাহিদুল ইসলাম ওই গ্রামের জাবেদ আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার উমেদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মন্ডলের সঙ্গে ৪ নং ওয়ার্ডের সদস্য কফিল উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
সোমবার সকালে মান্নান মন্ডলের সমর্থক তারিখ মন্ডল বিএলকে বাজারে গেলে প্রতিপক্ষরা তাকে মারধর করে। এরই জের ধরে কৃষ্ণপুর গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে ছড়িয়ে পড়ে।
এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করে।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাহিয়া মেহেনাজ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে একজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।





