দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এসময় তাঁর সঙ্গে ছিলেন এ আসনের গতবার নির্বাচিত সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সাকিব আল হাসান জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মুহম্মাদ আবু নাসের বেগের হাতে নিজের মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাকিব আল হাসান স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়া হলো। এরপর যাচাই বাছাই হলে দলীয় সভায় সকলকে নিয়ে বসব। সেখানেই নির্ধারণ করা হবে কীভাবে নির্বাচনি কর্মকাণ্ড পরিচালিত হবে।’
এছাড়া নিজ আসনের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে নিজস্ব কিছু ভাবনা রয়েছে, সেগুলো ভবিষ্যতে সকলে দেখা যাবে বলেও এসময় জানান এই ক্রিকেটার।
এদিকে আচরণবিধি ভঙ্গের দায়ে নির্বাচন মনিটরিং কমিটির কারণ দর্শানো নোটিশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘শোকজের বিষয়ে জানতে পারলেও সে সম্পর্কিত কোনো কাগজ এখনো হাতে পাইনি। তবে সেটি পাবার পর সেই অনুযায়ী জবাব দেওয়া হবে।'
এর আগে মাগুরা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বিরেন সিকদারও এখানে নিজের মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি আ.ফ.ম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহসভাপতি মুন্সী রেজাউল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





