Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রোজায় সিগারেট বিক্রি না করায় ব্যবসায়ীকে হত্যা!

admin • 21 Mar 2024, 08:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রোজায় সিগারেট বিক্রি না করায় ব্যবসায়ীকে হত্যা!

কুমিল্লার তিতাসে রোজার দিনে সিগারেট বিক্রি করতে না চাওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে মো. মানিক (৩৫) নামে এক মুদি ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ বাড়ির সামনে মুদি দোকানে সন্ত্রাসীরা তাঁকে অস্ত্র দিয়ে আঘাত করে বলে দাবি স্বজনদের।

 

মুমূর্ষু অবস্থায় মুদি দোকানি মানিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। নিহত মানিক কুমিল্লার তিতাস থানার কানাই নগর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

 

নিহতের বড় ভাই হিরু মিয়া বলেন, ‘আজ দুপুরের দিকে আমার ছোট ভাই প্রতিদিনের মতো তাঁর মুদি দোকানে বসেছিল। এ সময় স্থানীয় সন্ত্রাসী বাহাউদ্দিন, নায়েব আলী, জালাল, ইয়াসিনসহ ৬/৭ দোকানে আসে। সন্ত্রাসী বাহাউদ্দিন আমার ছোট ভাইয়ের কাছে সিগারেট খেতে চায়। রমজান মাস বলে আমার ভাই দিনের বেলায় সিগারেট বিক্রিতে অসম্মতি জানিয়ে তাদের সন্ধ্যার পরে আসতে বলে। এ নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাহাউদ্দিন আমার ভাইয়ের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।’

 

হিরু আরও বলেন, ‘আশেপাশের লোকজন দেখতে পেয়ে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানায়, আমার ভাই আর বেঁচে নেই।’

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।