Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

রেললাইন অবরোধ ও ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা রাবি শিক্ষার্থীদের

admin • 07 Jul 2024, 08:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রেললাইন অবরোধ ও ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা রাবি শিক্ষার্থীদের

রবিবার (৭ জুলাই) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি)শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে '২০১৮ সালের কোটা' পুনর্বহাল বাতিলের দাবিতে শিক্ষার্থীরা প্রতিবাদ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

প্রতিবাদ সভায় কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন, রাবির অন্যতম সমন্বয়ক রেজওয়ান গাজি মহারাজ বলেন, আগামীকাল থেকে আমরা ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করবো। এজন্য সবার সহযোগীতা কামনা করছি। আগামীকাল সকাল এগারোটায় আমরা এখানে (প্যারিস রোডে) জড়ো হবো। এরপর আমরা এখান থেকে মিছিল নিয়ে গিয়ে রেললাইন অবরোধ করবো। তবে, সেখানে কোনো বিশৃঙ্খলা না করার জন্য সকলের প্রতি অনুরোধ করছি। আমাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা লাগাতার কর্মসূচি দিয়ে যাবো।

সংগঠক আমানুল্লাহ খান বলেন, ২০১৮ সালে আমরা কোটা বাতিল নয় সংস্কারের দাবি জানিয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী সেটা বাতিলের নির্দেশ দিয়েছিলেন। এখন সেই নির্দেশ যদি হাইকোর্টে না টিকে, তাহলে সেটার দায়ভার কার? আদালতের বিরুদ্ধে নির্বাহী বিভাগের কিছু করার না থাকলেও, ওনারা নতুন করে আবার পরিপত্র জারি করতে পারেন। তাই, প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ, আপনারা এমন পরিপত্র জারি করুন, যেটাতে শিক্ষার্থীদের অধিকার আদায় হবে এবং কোনো আইনী জটিলতা থাকবে না।

প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যের প্রতিক্রিয়ায় আমানুল্লাহ খান আরো বলেন, আপনি বলেছেন, শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে রাস্তায় কেনো? শিক্ষার্থীরা পড়তে চায়, মাননীয় প্রধানমন্ত্রী। এর সমস্ত নিয়ন্ত্রণ আপনার কাছে। আপনি চাইলেই, আমাদের দাবি আদায় হবে, আমরা ক্লাসরুমে ফিরে যাবো। আপনার পিতাকে, তার কাছের লোকজনই হত্যার ষড়যন্ত্র করেছিলো। তেমনি আপনার কাছের কিছু লোকই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার ষড়যন্ত্র করছে বলে আমরা মনে করি। নাহলে তারা আপনাকে দিয়ে এমন পরিপত্র জারি করাতো না, যেটা হাইকোর্টে টিকলো না।

দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় এর সাথে একযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকে এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিছিল ও কর্মসূচি পালন করে এসেছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা আজও প্রতিবাদ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন গান,কৌতুক ও কবিতা আবৃতির মাধ্যমে কোটা পদ্ধতির সমালোচনা করেন এবং সংস্কারের দাবি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।