বাগেরহাট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম,ভি সাগরজিৎ। ইন্দোনেশিয়া থেকে ৩৩ হাজার ১১০ মেট্টিক টন কয়লা নিয়ে আসা সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটি শনিবার বন্দরের হাড়বাড়ীয়ার ১২ নম্বর জেটিতে ভিড়ে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মোংলা বন্দরে ভিড়ে কয়লাবাহী জাহাজ এম ভি সাগরজিৎ। জাহাজটি কয়লা নিয়ে গত ৩০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে।
এরপর শনিবার সকালে মোংলায় পৌঁছায়। দুপুর থেকেই জাহাজের কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হয়েছে। কয়লা লাইটারেজে করে নেয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে জেটিতে। এরপর জেটি থেকে তা সংরক্ষণ করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের গোডাউনে।
এর আগে গত ৩অক্টোবর ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে এম ভি লুনা রোজা।





