রাজধানীর কদমতলির পূর্ব জুরাইনের বাসা থেকে আনিতা সুলতানা রিতিকা (১৮) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে আটটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার উপরিদর্শক (এস আই) কামরুন নাহার।
জানা যায়, আনিতা কদমতলীর ৫৭০ নং মীর মঞ্জিল ঋষি পাড়া পূর্বজুরাইনের মৃত আবুল কালাম আজাদের মেয়ে। তিনি আজিমপুর গার্লস কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
কদমতলী থানার উপরিদর্শক (এসআই) কামরুন নাহার জানান, সংবাদ পেয়ে আজ সকালের দিকে ঘটনাস্থলের ৫ম তলা ভবনের তৃতীয় তলায় নিজ ড্রয়িং রুমের দরজা ভেঙে গলায় ওড়না পেঁচানো ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য আজ দুপুরের দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এস আই আরও বলেন, ‘পরিবারের সদস্যদের জিজ্ঞেস করে আমরা জানতে পেরেছি, আনিতা আজিমপুরের একটি কলেজে ইন্টার প্রথম বর্ষে লেখাপড়া করত। ১০/১২ দিন পূর্বে তার বাবা মারা যায়। বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ওই ছাত্রী এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।’
এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এসআই কামরুন নাহার।





