Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রংপুর সিটি নির্বাচনের ভোটযুদ্ধ আজ

admin • 27 Dec 2022, 08:21 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রংপুর সিটি নির্বাচনের ভোটযুদ্ধ আজ

রংপুর সিটি করপোরেশনের ভোটযুদ্ধ আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর)।  সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে চলবে এ ভোট গ্রহণ।

নির্বাচন সুষ্ঠু করতে সবগুলো কেন্দ্র থাকবে সিসিটিভির আওতায়। যেকোনো মূল্যে এই ভোট অবাধ ও নিরপেক্ষ করতে চায় কমিশন। ২২৯টি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারসহ থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় চার হাজার সদস্য।

রসিক নির্বাচনে ৮৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। সোমবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সিসিটিভির মাধ্যমে এই কেন্দ্রগুলোকে নিবিড় পর্যবেক্ষণ করা হবে এবং সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে। 

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানান, ভোট পর্যবেক্ষণে সিসি ক্যামেরায় ব্যবহার ছাড়া মোতায়েন করা হয়েছে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক্ষেত্রে পুলিশ, আনসার ও ভিডিপির সমন্বয়ে সাধারণ কেন্দ্রে ১৫ জনের এবং ঝুঁকিপূর্ণ ৮৬টি কেন্দ্রে ১৬ জনের ফোর্স মোতায়েন করা হয়েছে।

এছাড়া নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োগ করা হয়েছে ৪৯ জন। এদের মধ্যে নির্বাহী হাকিম ৩৩ জন ও বিচারিক হাকিম রয়েছেন ১৬ জন। তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সংক্ষিপ্ত বিচার কাজ সম্পন্ন করবেন। এদিকে র‍্যাব, বিজিবির একাধিক টিম ভোটার এলাকায় রয়েছে ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে।

রসিক নির্বাচনে মোট প্রার্থী ২৬০ জন। এক্ষেত্রে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে ৯ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন— জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস-এর আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিয়া জানান, মডেল ভোট হবে রংপুরে। নির্বাচন সুষ্ঠু করতে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

তিনি জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যদের নিরপেক্ষভাবে সার্ভিস রুল মেনে দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে। কেউ এর ব্যতিক্রম ঘটালে তার দায়ভার কেউ নেবে না। নির্বাচনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসার সমন্বয়ে প্রতিটি সাধারণ ওয়ার্ডে একটি মোবাইল ফোর্স থাকবে।

এছাড়া প্রতি তিনটি সাধারণ ওয়ার্ডে একটি স্ট্রাইকিং ফোর্স এবং প্রতি থানায় একটি করে রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স থাকবে। আর প্রতি দুইটি সাধারণ ওয়ার্ডে একটি করে র‍্যাবের টিম থাকবে।

রসিক নির্বাচনে মোট চার লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ২২৯ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার ২২৯ জন, সহকারী প্রিসাইডিং অফিসার এক হাজার ৩৪৯ জন এবং পোলিং অফিসার থাকবেন দুই হাজার ৬৯৮ জন। 

উল্লেখ্য, সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর তৃতীয়বারের মতো নির্বাচন হচ্ছে রংপুরে। নগরজুড়ে এখন তাই ভোটের আমেজ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।