প্রধানমন্ত্রীর শিডিউল জনিত কারণে আবারও পেছানো হয়েছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উদ্বোধনের তারিখ। নতুন তারিখ অনুযায়ী আগামী ৪ নভেম্বর উদ্বোধন হবে এই রুটের ট্রেনটি।
শুক্রবার (২০ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী গণমাধ্যেমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আমিন উল্লাহ নুরী জানান, প্রধানমন্ত্রীর শিডিউল জনিত কারণে উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এছাড়া আর অন্য কোনো কারণ নেই।
এর আগে গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন। পরে সম্প্রতি আওয়ামী লীগের একটি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৩ অক্টোবর মেট্রোরেল উদ্বোধন করবেন।
গত ৯ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানিয়েছিলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের উদ্বোধনের সম্ভাব্য তারিখ ছিল, এখন সেটা ২৯ অক্টোবর চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়েছে। পেছানো হয়েছে- বিষয়টা তা না। যদিও শেষ পর্যন্ত আগামী ২৯ অক্টোবরও উদ্বোধন হচ্ছে না মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ। এটি আগামী ৪ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





