Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

যুবদল নেতার বিরুদ্ধে মাছের আড়ৎ দখলের অভিযোগ

admin • 30 Sep 2024, 06:30 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
যুবদল নেতার বিরুদ্ধে মাছের আড়ৎ দখলের অভিযোগ

কুষ্টিয়ার খোকসায় দীর্ঘদিনের মাছের আড়ৎ দখল করার অভিযোগ উঠেছে খোকসা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান রাজিবের বিরুদ্ধে। খোকসা পৌর মাছ বাজারের ব্যবসায়ীদের পৌর কর্তৃপক্ষের কোন ডকুমেন্টস না থাকলেও যুবদলের ওই নেতা বিগত পৌর মেয়রের স্বাক্ষরিত স্ট্যাম্প দেখিয়ে মালিকানা দাবী করছেন।

 

সোমবার সরেজমিনে গেলে ভুক্তভোগী মাছ ব্যবসায়ী আলিম মিয়া রুনু জানান, পৌরসভার টিনসেডের প্রথম দোকানে তিনি প্রায় ২০ বছর মাছের আড়তের ব্যবসা করছেন। আওয়ামীলীগ সরকার পতনের পর হটাৎই খোকসা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান রাজিব বেশ কিছু লোকজন নিয়ে তার দোকানে এসে তিনশত টাকার স্ট্যাম্প দেখিয়ে সাবেক পৌরমেয়র তাতারি খান ২০১৫ সালে উল্লেখিত দোকান লিখে দিয়েছেন দাবি করে দোকান ছেড়ে দিতে বলেন।

 

মাছ বাজারের কোন দোকান পৌরসভা কাউকে লিখে দেয়নি বললে রাজিব তার উপর চড়াও হয় এবং জোরপূর্বক স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে দোকানের সিকিউরিটি ৬০ হাজার টাকা এবং মাসিক ২৫ শত টাকা ভাড়া দাবী করে। এবং ওই দিনই ২০ হাজার টাকা এবং এক মাসের ভাড়া নিয়ে যায়। বাকি ৪০ হাজার টাকা ১ সপ্তাহের মধ্যে দেবার নির্দেশ দেয়। তিনি বাকি টাকা দিতে না পারলে রাজিব সেপ্টেম্বর মাসের ২৮ তারিখে দোকানে এসে সাইনবোর্ড ও দোকানের ভিতরের সমস্ত মালামাল ফেলে দেয়। এবং রাজিব নিজ নামের সাইনবোর্ড লাগিয়ে দোকান দখলে নেয়।

 

তিনি জানান ২০১৩ সালে সাবেক পৌরমেয়র তাতারি খান তাদেরকে পৌরসভা থেকে নোটিশ করেন এবং প্রতিটি দোকান থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়। সেই নোটিশ এখনো তার কাছে সংরক্ষিত আছে। পৌরসভা থেকে তাকে সহ অন্যান্য মাছ ব্যবসায়ীদের নোটিশ করা হয়েছিলো সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে উপস্থিত হবার জন্য।

 

দোকান দখলে নেবার বিষয়টি ইতিমধ্যে পৌর প্রশাসক সরেজমিনে দেখে গেছেন বলে জানান। তার উপার্জনের একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান বেদখল হওয়ায় দিশেহারা হয়ে পরেছেন। ইতিমধ্যে খোকসা থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

 

মাছ বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, পৌরসভা টিনসেড ঘর করে দেবার পর থেকে তারা মাসিক কোন ভাড়া ছাড়াই এখানে ব্যবসা করেন। পৌরসভা থেকে কাউকে কোন দলিল করে দেয়নি। প্রকৃত ব্যবসায়ীরা দোকানের পজেশন নিয়ে দীর্ঘদিন ব্যবসা করছেন। আলিম মিয়া শুরু থেকেই পৌর বাজারের টিনসেডের প্রথম দোকানে মাছের ব্যবসা করেন বলে জানান তারা।

 

দখলদার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান রাজিব জানান, তাতারি খান তার বাবার নামে দোকান লিখে দিয়ে গেছেন। আলিম জোরপূর্বক তাদের দোকানে ব্যবসা করতো। আওয়ামিলীগ সরকার পতনের পর সে তার দোকান দখলে নিয়েছে। কোন ঘরের স্ট্যাম্প করা নেই শুধু তারটা ছাড়া এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি তিনি।

 

পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন জানান, বিষয়টি তিনি তদন্ত করছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরসন করা হবে বলে জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।