ইরানের নেতৃত্ব এখন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যারা নতুন করে ইরানের নেতৃত্ব দিতে চায়, তাদেরও ‘মৃত্যু নিশ্চিত’ বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৪ মার্চ) হোয়াইট হাউসে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে গোলটেবিল বৈঠকের সূচনা বক্তব্যে এ মন্তব্য করছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। আমরা এখন অনেক শক্তিশালী অবস্থানে আছি এবং তাদের (ইরানের) নেতৃত্ব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। যারা সেখানে নেতা হতে চাইছেন, দেখা যাচ্ছে তাদের সবারই মৃত্যু হচ্ছে।
ট্রাম্প বলেন, যদি প্রথমে আমরা তাদের (ইরান) প্রতিহত না করতাম, তাহলে তারা ইসরায়েলের সঙ্গে খারাপ কিছু করত... যদি আমরা দুই সপ্তাহের মধ্যে আঘাত না করতাম, তাহলে তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত। যখন ‘পাগলদের’ কাছে পারমাণবিক অস্ত্র থাকে তখন খারাপ কিছু ঘটে।
প্রসঙ্গত, ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সংস্থাটি এই বিষয়টির নিশ্চয়তা দিতে পারে না।
তিনি বলেন, যদিও ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও তাদের কাছে ক্ষতিকর অস্ত্র, সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ এবং পরিদর্শকদের পূর্ণ অ্যাক্সেস দিতে অস্বীকৃতি গুরুতর উদ্বেগের কারণ।
সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি





