আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুব অধিকার পরিষদের সভাপতি লিটন মিয়া গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেলান্দহ বাজারের চৌরাস্তা থেকে শুরু হয়ে সবজি বাজার, মাছ বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে এ গণসংযোগ শেষ হয়। এ সময় তিনি আধুনিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়তে ৭টি প্রতিশ্রুতি সংবলিত লিফলেট বিতরণ করেন।
প্রতিশ্রুতিগুলো হলো:
১। উন্নত জীবন ও সু-চিকিৎসা নিশ্চিত করা।
২। সব ধর্ম ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের নিরাপত্তা দেওয়া।
৩। স্কুল-কলেজের শিক্ষার মান ও হার বৃদ্ধি।
৪। বেকারত্ব দূরীকরণ ও চাঁদাবাজি বন্ধ।
৫। নিরাপদ আধুনিক জীবন গড়তে বিদ্যুৎ ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা।
৬। আইন-শৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলা।
৭। রাজনৈতিক হানাহানি ও প্রতিহিংসা বন্ধ করে সামাজিক বন্ধন সৃষ্টি।
লিটন মিয়া বলেন, স্থানীয় মানুষের সমর্থন নিয়ে আমি এই এলাকার সাধারণ মানুষের সেবা করতে আগ্রহী। সময় এসেছে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার। আমরা রাজনীতি করতে এসেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের ভালোবাসা পেলে আমরা অবশ্যই অধিকার রক্ষা করবো।
এ সময় জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নূরনবী ইসলাম, মেলান্দহ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওলি উল্লাহ, সহ-সভাপতি রিফাত রাহি, সাবেক সাধারণ সম্পাদক সবুজ শেখ, যুগ্ম সম্পাদক মুজাহিদ, যুব নেতা হিমেল আহমেদ, সামিউল ইসলাম ও আরাফাত সানি উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গণসংযোগে অংশ নেন।





