সিঙ্গাপুর থেকে নয়, চীন থেকে আমাদানি হয়েছে এডিস মশা নিধনে কীটনাশক বিটিআই। বৃহস্পতিবার (১৭ আগস্ট) চট্টগ্রাম কাস্টমস সূত্রে এই তথ্য জানা গেছে।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার বদরুজ্জামান মুনশি জানান, জুলাই মাসে চীন থেকে ৫ টন বিটিআই আমদানি করা হয়েছে। যদিও ঢাকা উত্তর সিটি করপোরেশনের পিপিআরে উল্লেখ ছিলো ঠিকাদারকে বিটিআই আনতে হবে, যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, ভারত, থাইল্যান্ড বা সিঙ্গাপুর থেকে।
এ নিয়ে বুধবার (১৬ আগস্ট) প্রশ্ন করা হলে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম সঠিকভাবে কোন তথ্য জানাতে পারেননি। তিনি বলেন, আমি কি বিটিআই এনেছি? হ্যাঁ বিটিআই এনেছি। আমি কি পেমেন্ট দিয়েছি? না পেমেন্ট দেই নাই। এখন এটা টেস্ট অবস্থায় আছে। মাত্র ৫ টন এনেছি। এই ৫ টনের জন্য ওই মার্শালকে একটি টাকাও দেয়া হয় নাই।
সিঙ্গাপুরের বেস্ট কোম্পানি থেকে আনা হয়েছে বিটিআই, এমন তথ্য প্রচারের পর ফেসবুক পেজে বেস্ট ক্যামিকেল জানায়, তাদের মাধ্যমে পাঁচ টন বিটিআই লার্ভিসাইড সরবরাহ করা হয়নি। মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বেস্ট কেমিক্যালের নিযুক্ত কোনো পরিবেশকও নয়।
এরই মধ্যে প্রতারণামূলক কার্যক্রমের জন্য মার্শাল অ্যাগ্রোভেটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে বেস্ট কেমিক্যাল।





