জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাস অভ্যন্তরীণ চৌরঙ্গী এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পায়ে চালিত একটি রিকশাকে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। এতে রিকশায় থাকা দুই শিক্ষার্থী — রিদয় দেবনাথ ও চন্দ্রা গুরুতর আহত হন। রিকশার একটি চাকা ভেঙে যায় এবং চালক সামান্য আঘাতপ্রাপ্ত হন।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা প্রাইভেট কারচালক আতিকুর রহমান ও তার দুই বন্ধু ফয়সাল আহমেদ ও সাইফুল ইসলামকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে সোপর্দ করেন। তিনজনই মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা যায়।
আহত চন্দ্রা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের ৪৫তম আবর্তনের, এবং রিদয় দেবনাথ একই বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত দশটার কিছু পর চৌরঙ্গী মোড়ে শিক্ষার্থীদের বহনকারী রিকশাটিকে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে রিকশাটি উল্টে যায়। এতে শিক্ষার্থীরা পড়ে গিয়ে আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে এনাম মেডিকেল কলেজে পাঠানো হয়।
এ ঘটনার পর প্রশ্ন উঠেছে— এত রাতে মদ্যপ চালকরা কীভাবে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলেন।
অভিযুক্ত চালক আতিকুর রহমান বলেন, “আমরা ভুল করেছি। ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মীমাংসা করতে চাই।”
তিনি জানান, প্রান্তিক গেট দিয়ে প্রবেশ করার সময় গার্ড তাদের কিছু জিজ্ঞাসা করেননি। তিনি নিজেকে সাভার ডিওএইচএস এলাকার গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন।
দায়িত্বরত আনসার সদস্য তুষার আহমেদ বলেন, “গাড়িটি গেটের কাছে এলে লাইট জ্বালানোর কারণে সামনে লাগানো স্টিকারটি ক্যাম্পাসের মনে হয়েছিল, তাই আর প্রশ্ন না করে গেট খুলে দিই।”
অন্য আনসার সদস্য এরশাদ আলম জানান, “আমার ডিউটি রাত ১০টা থেকে শুরু হলেও জ্যামের কারণে সাড়ে দশটায় গেটে পৌঁছাই। তখন পর্যন্ত তুষার একাই দায়িত্বে ছিলেন।”
ঘটনার পর তিনজনকেই আশুলিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর মাদান শাহা বলেন, “তিনজনকেই মদ্যপ অবস্থায় আটক করা হয়েছে। ডোপ টেস্টের পর ও বিশ্ববিদ্যালয়ের জিডির ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, “আমরা ঘটনাস্থল থেকে তাদের আটক করেছি। তারা মাদকাসক্ত অবস্থায় ছিল এবং শিক্ষার্থীদের ক্ষতি করেছে। গাড়িটি আপাতত আমাদের জিম্মায় রয়েছে। আহত শিক্ষার্থী ও রিকশাচালককে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত গাড়ি ছাড়বো না।”
তিনি আরও বলেন, “প্রান্তিক গেটের দায়িত্বে থাকা গার্ডকে অবহেলার দায়ে বরখাস্ত করা হবে।”
সোহাগ/মিরর





